বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় খেজুরের গোডাউনে আগুন, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া শহরের জামিলনগর এলাকায় খেজুরের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি করেছে গোডাউন কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মেসার্স সায়েম ট্রেডার্সের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোডাউন কর্তৃপক্ষ জানায়, ভেতরে মজুদ করে রাখা খেজুর, মধু, কাজুবাদাম ও প্যাকেজিং কার্টনে আগুন ছড়িয়ে পড়ে। ফলে অধিকাংশ খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে, যা আর বাজারজাত বা বিক্রি করা সম্ভব নয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সাদা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কিছুটা সময় পর তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

জামিলনগরের বাসিন্দা নেয়াজুল ইসলাম মোশাররফ বলেন, “গোডাউনে অনেক খালি কার্টন ও প্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে, কার্টনের পাশে কেউ সিগারেট বা দিয়াশলাই ফেলায় আগুন লাগতে পারে। তবে অন্য কারণও থাকতে পারে।”

গোডাউন কর্তৃপক্ষের প্রতিনিধি ডা. রায়হান বলেন, “বিভিন্ন দেশ-বিদেশ থেকে খেজুর এনে এখানে বাছাই ও রিপ্যাকিং করা হতো। হাসপাতাল থেকে এসে শুনি গোডাউনে আগুন লেগেছে।”

তিনি জানান, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টন ছিল। এছাড়া ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর, দুটি প্যাকেজিং মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং আরেকটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, “বিকেল ৩টা ৪৭ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

তিনি জানান, অতিরিক্ত ধোঁয়ার কারণে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button