
বগুড়ায় বালু ভর্তি ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮০ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শামীম আহমেদের নেতৃত্বে বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস ‘ছ’ মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯২৭৬) আটক করা হয়। ট্রাকের চালক রবিউল ইসলাম (২৫), পিতা মো. মামুন আকন্দ, সাং কৃষ্ণপুর, থানা ফুলবাড়ী, জেলা দিনাজপুর কে আটক করা হয়।
পরে ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বিশেষভাবে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তায় গাঁজা পাওয়া যায়। প্রতিটি বস্তায় যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



