বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় দৈনিক পত্রিকার বিরুদ্ধে ডিক্লারেশন বাতিলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: বগুড়া থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে ডিক্লারেশন বাতিলের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল বগুড়া জেলা প্রশাসক বরাবর চারমাথার ভবের বাজার এলাকার আবুল কালাম আজাদ এবং একই অভিযোগে শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মো. আনোয়ারুল ইসলাম সুমনসহ দুই ব্যক্তি পৃথকভাবে এই আবেদন করেন।

জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকায় গত ২৯ এপ্রিল প্রথম পাতায় ঢাকার জেলা প্রশাসক নিয়োগে ৩০ কোটি টাকা লেনদেন একই সিন্ডিকেট জড়িত শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

আবেদনকারীদের দাবি, উক্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও কোনো প্রামাণ্য তথ্য নির্ভরযোগ্য সূত্র বা উপযুক্ত রেফারেন্স উল্লেখ করা হয়নি। ফলে সংবাদটি পেশাগত নীতিমালা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

আবেদনে আরও বলা হয়, এমন উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে এবং জনশৃঙ্খলা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশ পত্রিকার ডিক্লারেশন সংক্রান্ত প্রচলিত আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট পত্রিকার ডিক্লারেশন বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, পত্রিকাটির ডিক্লারেশন বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার বিষয়টি সত্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button