
বগুড়ার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আম খাওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।

জানা গেছে, গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের একটি গাছ থেকে কয়েকজন শিক্ষার্থী আম পেড়ে খায়। পরদিন বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষিকা গোলসানারা তাদের ডেকে প্রথমে বেত্রাঘাত করেন। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে এলে ৩০ এপ্রিল প্রধান শিক্ষিকাকে তলব করা হয় এবং ৩ মে থেকে ৫ মে পর্যন্ত তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
ভুক্তভোগীদের মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং দুইজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. রুনা খাতুন জানান, তিনি ক্লাস শেষে এসে দেখেন শিক্ষার্থীদের গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে। পরে তিনি বাধা দিলে তা বন্ধ করা হয়।
এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের ফল গাছ শিক্ষার্থীদের জন্যই। কয়েকটি আম খাওয়ার জন্য এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কবীর জানান, ঘটনার পরপরই প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। একই ঘটনায় অন্যান্য শিক্ষকদেরও নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন বলেন, শিশুদের এভাবে শাস্তি দেওয়া সম্পূর্ণ অনুচিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের শাস্তির নামে অপমানজনক আচরণের এই ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন অভিভাবক ও সচেতন মহল।



