বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা

নতুন নকশায় পুনঃসংস্কার; পরিকল্পনা শেষে শুরু হবে কাজ, ব্যয় বাড়তেও পারে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পুনঃসংস্কার ও আধুনিকায়নের জন্য ২৫ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে। নতুন নকশা প্রণয়ন ও পূর্ণাঙ্গ পরিকল্পনা চূড়ান্ত হলে শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত সোমবার (৪ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ বরাদ্দের তথ্য জানান। তিনি বলেন, মসজিদের উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বগুড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান জানান, “বর্তমানে শুধু বরাদ্দ ঘোষণা করা হয়েছে। কোন খাতে কত ব্যয় হবে, তা নির্ধারণের জন্য নতুন নকশা ও কাঠামোগত পরিকল্পনা তৈরি করা হবে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর কাজ শুরু হবে। ব্যয়ের পরিমাণ ২৫ কোটি টাকার কিছু কম-বেশি হতে পারে।”

জানা যায়, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বগুড়ার বিভিন্ন উন্নয়ন কাজের পাশাপাশি এ মসজিদের নির্মাণকাজ শুরু হয়। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে পরবর্তীতে কাজটি আর সম্পন্ন হয়নি। ২০০৮ সালের পর কিছু অর্থ বরাদ্দ হলেও তা দিয়ে পূর্ণাঙ্গ নির্মাণ শেষ করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থায়ই মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে মসজিদটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এর ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকার বরাদ্দের ঘোষণা আসে।

মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ বেলায়েত ও হিসাবরক্ষক আসাদুজ্জামান জানান, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা, গরমের সময়ে স্বস্তির জন্য সেন্ট্রাল এসি, চারটি বড় মিনার, স্থায়ী আয়ের জন্য মার্কেট নির্মাণ এবং স্টাফদের আবাসনের ব্যবস্থা রাখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ইমাম ও মোয়াজ্জিনদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিও জানান তারা।

তারা বলেন, এই বরাদ্দ বাস্তবায়ন হলে মসজিদে আধুনিক সুবিধা বৃদ্ধি পাবে এবং মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।

এ ঘোষণায় স্থানীয় মুসল্লি ও বগুড়াবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button