বগুড়া জেলা
প্রধান খবর

সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন আবার কারাগারে

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক শাহাজাহান কবীর তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মাহবুবা খাতুন খুশি জানান, হামিদুল আলম মিলন ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য নির্দেশনা নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিয়ে অস্থায়ী জামিন পান, যার মেয়াদ শেষ হয় ৫ মে। পরবর্তীতে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে, প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। বগুড়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ৪০৬/৪২০/১০৯ ধারায় শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছিল। একই ঘটনায় তার স্ত্রী শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

দুদকের আরেকাধিক মামলায় এই দম্পতির বিপুল পরিমাণ সম্পদ জব্দ (ক্রোক) করার নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় তাদের সম্পদ দেখভালের জন্য জেলা প্রশাসকদের রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, প্রায় ১২১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে হামিদুল আলম মিলন, তার স্ত্রী এবং পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।

উল্লেখ্য, হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার বাসিন্দা এবং দীর্ঘ সময় ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে কর্মজীবনের শেষ দিকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button