
বগুড়ায় ঝাড়ফুঁকের নামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (৪০) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল করিম ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সেখানে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী এবারের এসএসসি পরীক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পরিবার চিকিৎসার জন্য রেজাউল করিমের শরণাপন্ন হয়। কবিরাজ দাবি করেন, ওই কিশোরীর ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে এবং ঝাড়ফুঁকের মাধ্যমেই তা দূর করতে হবে।
মঙ্গলবার চিকিৎসার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন রেজাউল। পরিবারের অন্য সদস্যদের কক্ষের বাইরে অপেক্ষা করতে বলা হয়। ঝাড়ফুঁক করার একপর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এসময় কিশোরীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “ঘটনাটি জানার পর এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



