বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ডিবির অভিযানে ভুয়া পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

৪টি ইজিবাইক উদ্ধার, ওয়াকিটকি-প্রাইভেটকারসহ বিপুল সরঞ্জাম জব্দ

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে পুলিশ, ডিবি ও সাংবাদিক পরিচয়ে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী একটি চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল এক ইজিবাইক চালককে কৌশলে প্রতারণার মাধ্যমে তার গাড়ি ছিনতাই করা হয়। পরে ৫ মে বগুড়া সদর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ৫ মে ভোরে বগুড়া সদরের চারমাথা এলাকায় খাজা হাইওয়ে হোটেলে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোন, গাড়ির চাবিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জেলায় নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে বিক্রি করত।

ডিবি জানায়, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে আগেও চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button