বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন আফরোজা খানম রিতা। একইসঙ্গে সেখানে একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক। উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। এজন্য বিশেষভাবে বগুড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনাও নিয়েছি। কারণ দেশে দক্ষ পাইলটের প্রয়োজন রয়েছে। বাংলাদেশেই প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত পাইলট তৈরি করতে চাই।”

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসীর কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যেই আজকের এই পরিদর্শন। আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাও বগুড়া থেকেই শুরু হয়েছে।”

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, “বগুড়ার স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি। এখানে অত্যাধুনিক বিমানঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নতুন জঙ্গিবিমান আনার পরিকল্পনাও সরকারের রয়েছে এবং সেই বিমান বগুড়া বিমানঘাঁটিতে আসবে-এটাই আমাদের লক্ষ্য।”

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়াসহ আশপাশের জেলাগুলো এই বিমানবন্দর থেকে উপকৃত হবে। আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্টরা আশ্বস্ত করেছেন।”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ১০ হাজার ৫০০ ফুট রানওয়ে প্রয়োজন। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই ফিজিবিলিটি স্টাডি শুরু হবে। এখানে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ ও কার্গো বিমান ওঠানামা করবে।”

তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্পপণ্য সরাসরি কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। বিশেষ করে মিয়ানমার, মালয়েশিয়া ও দুবাইসহ বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ বাড়বে। এটি বগুড়াবাসী ও উত্তরাঞ্চলের মানুষের জন্য বড় সুসংবাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button