বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সাবেক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি)-এর সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৮ এপ্রিল বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ শাহজাহান কবির এ আদেশ দেন। একইসাথে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামি শেখ আবু এরশাদ (৪৪) বগুড়া শহরের জলেশ্বরীতলার বনমালী দেব লেন এলাকার ‘ইনল্যান্ড মালেকা টাওয়ার’-এর একটি ফ্ল্যাটের বাসিন্দা। তিনি মৃত শেখ সালেক উদ্দিনের ছেলে এবং জয়পুরহাট জেলার কালাই উপজেলার করিমপুর বেগুন গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সরবরাহ কেন্দ্র (এলএসডি)-এ খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ অক্টোবর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের ১৬ এপ্রিল শেখ আবু এরশাদ দুদকের বগুড়া জেলা কার্যালয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী জমা দেন বলে অভিযোগ ওঠে। পরে অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক বগুড়া জেলা কার্যালয়ের সাবেক উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরবর্তীতে দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেনের তদন্ত প্রতিবেদনে এরশাদের বিরুদ্ধে প্রায় ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এরপর দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button