
বগুড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ফুটবল, ক্রিকেট ও কাবাডি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফুটবল ফাইনালে সারিয়াকান্দি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় সারিয়াকান্দি উপজেলা।
বালিকা বিভাগের ফুটবল ফাইনালে সোনাতলা উপজেলা ২-১ গোলে দুপচাঁচিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনালে বালক বিভাগে বগুড়া পৌরসভা ৮ উইকেটে সোনাতলা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে বগুড়া সদর উপজেলা ৭ উইকেটে শিবগঞ্জ উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
কাবাডি ফাইনালে বালক বিভাগে কাহালু উপজেলা ৩৩-০৬ পয়েন্টে বগুড়া সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে গাবতলী উপজেলা ২৮-০৫ পয়েন্টে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল করিম, জেলা ম্যাজিস্ট্রেট মাসু হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন।



