বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ৩১ কেজি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, ২ জন গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ১২ মে ২০২৬ খ্রি. রাত ৯টা ৫ মিনিটে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ থানার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকার একটি বসতবাড়িতে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি শয়নঘরের খাটের ওপর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয় মো. রফিকুল ইসলাম (৫৪), পিতা মৃত আঃ হামিদ, সাং গড়মহাস্থান দক্ষিণপাড়া, শিবগঞ্জ এবং মো. নাহিদুর রহমান (৩২), পিতা মো. আঃ রহমান, সাং কুকরুল উত্তরপাড়া, বর্তমানে নিশিন্দারা পশ্চিমপাড়া, বগুড়া সদরকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানিয়েছে ডিবি।
ডিবির দাবি অনুযায়ী, এটি একটি প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয় এবং মূর্তিটি উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত প্রত্নবস্তুটি যাচাই-বাছাই শেষে আদালতের অনুমতি সাপেক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এ ধরনের চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
