বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের পরিবারের সঙ্গে তাদের চাচা রেজাউল করিম এবং তার ছেলে আহাদ হোসেনের (২৩) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির সীমানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে এক পক্ষ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ইয়াছিন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত সুমনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ও দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। শেষ পর্যন্ত সেই বিরোধই প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, নিহত দুজনের গলা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানাজা শেষে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আহাদ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button