
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় মদপানের পর এক বিবাহিত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৮ মে) ১৯ বছর বয়সী ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। ভুক্তভোগী তরুণীর বাবার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), একই এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং শহরের উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদপানের পরিকল্পনা করে এবং রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন।
এরপর রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন পুরোনো ভবনে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। সেখানে রকি নামের আরও একজন যোগ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে অন্য এলাকায় নিয়ে গেলে তার চিৎকারে বাধন পালিয়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
