বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আহত আরও একজন

বগুড়ার শেরপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাফি মন্ডল বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচ পাম্প স্থাপন করে নিজেদের জমির পাশাপাশি আশপাশের কৃষকদের জমিতেও সেচ সুবিধা দিয়ে আসছিলেন। চুরি ঠেকাতে তারা ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস (অ্যালার্ম) সংযুক্ত করেছিলেন।

গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমার চুরির চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে সংকেত পৌঁছে যায়। বিষয়টি বুঝতে পেরে রমজান আলী ও আব্দুল জলিল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফি মন্ডলের মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button