বগুড়ায় সারিয়াকান্দিতে স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত, এলাকায় শোক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম। তিনি উপজেলার ঘুঘুমারী এলাকার বাসিন্দা এবং নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের দুই গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার আবারও উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে মুস্তাকিমের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ হ ম আসাদুজ্জামান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার (২২ মে) নিহতের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হবে। এরপর নিহতের পরিবার মামলা দায়ের করবেন।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা কিশোরদের মধ্যে বাড়তে থাকা সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পর বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। নিহত মুস্তাকিমের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
