
বগুড়া পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া পুলিশ লাইন্সের বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশরাফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেতার শাখার ভবনের দ্বিতীয় তলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল ইসলাম। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে না দেখে সহকর্মীরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কোনো পারিবারিক কলহের তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
