বগুড়ায় নকল প্রসাধনী ও আয়ুর্বেদিক পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কলোনী বাজার এলাকার লতিফপুরে নকল ব্র্যান্ডের প্রসাধনী ও আয়ুর্বেদিক পণ্য তৈরি এবং অনলাইনে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে লতিফপুরের মন্ডল হাউজের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফিরোজ কবির নামে এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করে আসছিলেন। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা স্পর্শকাতর পণ্য তৈরি করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, জনপ্রিয় ব্র্যান্ড “আশ-শিফা”র ব্যথানাশক তেলের নকল সংস্করণ “আশ-শিফা প্লাস” নামে বাজারজাত করা হচ্ছিল। তবে এসব পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই অনুমোদন বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিবন্ধন ছিল না।
এছাড়াও স্থানীয় বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলোকে আসল পণ্য হিসেবে অনলাইনে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে জানায় ভোক্তা অধিদপ্তর।

এসব অপরাধের প্রাথমিক সত্যতা ও স্বীকারোক্তির ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নকল “আশ-শিফা” ব্র্যান্ডের তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এসময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াও উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-১২ এবং জেলা পুলিশের দুটি দল। পাশাপাশি ভবিষ্যতে সরকারি অনুমোদন ও নিবন্ধন ছাড়া এ ধরনের পণ্য উৎপাদন ও বিপণন না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
