
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়া শহরের বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছর বয়সী কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের মোঃ আরশাদ আলী মণ্ডলের ছেলে আনিছুর রহমান (৩৫) এবং তার দুই বছর বয়সী কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আনিছুর রহমান রংপুরের মাহিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকে সিও পদে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে তিনি স্ত্রী আয়েশা বেগম ও কন্যা পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কার পর মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান তিনজন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার শিশু কন্যা পুষ্পের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
