বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ ও মোবাইল

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র‍্যাব-১২। এসময় জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্ট মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত হলেন মোছা. খাদিজা খাতুন (২৯)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার আব্দুল খালেকের মেয়ে।

র‍্যাব জানায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতেন।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক খাদিজা খাতুন Enjoy247, VELKI Live এবং PLAY25 নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়।

র‍্যাব আরও জানায়, Enjoy247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে ৬১৯ দশমিক ৩২ পিবিইউ এবং ১০৮৪ দশমিক ৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের মধ্যে ১১ জন সক্রিয় ছিলেন এবং সেখানে মোট ২২ হাজার ৬৯৫টি লেনদেনের তথ্য পাওয়া যায়।

এছাড়া VELKI Live প্ল্যাটফর্মে ৭০ দশমিক ৭২ পিবিইউ ব্যালেন্স এবং মোট ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য পাওয়া গেছে। PLAY25 প্ল্যাটফর্মে ৬৪৪ দশমিক ৫৭ মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে ৪০২ মার্কিন ডলার মাস্টার এজেন্টকে পাঠানো এবং ১৪০ মার্কিন ডলার গ্রহণের তথ্যও পাওয়া গেছে।

পরে আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button