
বগুড়া প্রতিনিধি: বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬” পেয়েছেন বগুড়ার সন্তান ফয়সাল বিন আজাদ (আদনান আজাদ)। তিনি ব্যক্তি পর্যায়ে ‘ক’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২৪ মে উপসচিব মোছা. মোহছিনা আকতার বানু স্বাক্ষরিত এক স্মারকে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার নীতিমালা, ২০২৫” অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ইউনিটকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফয়সাল বিন আজাদ বর্তমানে ঢাকার আফতাবনগরে বসবাস করলেও তার স্থায়ী বাড়ি বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকায়।
এদিকে প্রতিষ্ঠান পর্যায়ে ‘খ’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণায় ব্যক্তি পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাজেদা বেগম। একই বিভাগের প্রাণিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠান পর্যায়ে মনোনয়ন পেয়েছে।
অন্যদিকে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বা ইউনিট পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর।
মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রশংসাপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
