বগুড়ায় স্কুলশিক্ষিকার গলা কেটে হত্যা: ২ জন গ্রেপ্তার, উদ্ধার হাসুয়া

বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে স্কুলশিক্ষিকা রিতা মজুমদার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাসুয়াসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ মে রাতে রিতা মজুমদার ও তার স্বামী বিধান মজুমদার রাতের খাবার শেষে পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার পর শব্দ শুনে ভিকটিমের স্বামী জেগে ওঠেন। কিছুক্ষণ পর স্ত্রীর কক্ষ থেকে চিৎকারের শব্দ পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন দরজা খোলা এবং ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রিতা মজুমদার। তার গলায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।
ঘটনার পর থেকেই বগুড়া জেলা পুলিশের তত্ত্বাবধানে গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ২৪ মে রাতে মমিনহাটা গ্রামের বাসিন্দা শাওন মিয়া (২০) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অপর সহযোগী আনোয়ার হোসেনের (৩৫) নাম প্রকাশ করেন। পরে পুলিশ আনোয়ারকেও গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, আনোয়ার ও শাওন একসঙ্গে কৃষি শ্রমিকের কাজ করতেন। প্রায় ১০ দিন আগে তারা জানতে পারেন ভিকটিমের বাড়িতে জমি বিক্রির টাকা রয়েছে। সেই টাকা লুটের পরিকল্পনা করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ জানায়, ঘটনার আগে আনোয়ার স্থানীয় বাজার থেকে দুটি নতুন হাসুয়া কিনে। ঘটনার রাতে রিতা মজুমদার ও তার স্বামী বাড়ির বাইরে কাজ করতে গেলে দুই আসামি গোপনে বাড়িতে প্রবেশ করে গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকে। গভীর রাতে শাওন দরজায় ধাক্কা দিলে রিতা টর্চলাইট নিয়ে বাইরে আসেন। এসময় আনোয়ারকে চিনে ফেলায় আতঙ্কে সে হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যান রিতা মজুমদার।
পরে আসামিরা পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া দুটি প্রথমে একটি ঘাসের জমিতে লুকিয়ে রাখা হয়। পরে তা বয়ারবাড়ী বিলের কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গত ২৫ মে রাতে হাসুয়া দুটি উদ্ধার করে।
এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাসুয়া, আসামিদের পরিহিত কাপড়, মোবাইল ফোন ও সিম জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
