বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ, অভিযোগ নিয়ে সংসদে প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নির্বাচনী এলাকায় নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় সংসদে। তিনি দাবি করেন, নতুন ইউনিয়নগুলোর নাম তার সন্তানদের নামে রাখা হয়নি; কেবল কাকতালীয়ভাবে নামের মিল রয়েছে।

সোমবার সংসদে শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন যে প্রতিমন্ত্রীর এলাকার দুটি নতুন ইউনিয়নের নাম তার দুই সন্তানের নামে রাখা হয়েছে।

এর জবাবে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে মীর শাহে আলম বলেন, তার নির্বাচনী এলাকার বড় দুটি ইউনিয়ন-সৈয়দপুর ও দেউলী-প্রশাসনিক সুবিধার জন্য বিভক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসন এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী-

  • সৈয়দপুর ইউনিয়নের একটি অংশ সীমান্তবর্তী এলাকায় হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন।
  • দেউলী ইউনিয়নের একটি অংশ গাইবান্ধার কাছাকাছি ও দূরবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। তাই এসব নামকে তার সন্তানদের সঙ্গে যুক্ত করে বিতর্ক তৈরি করা ঠিক নয়।

তিনি আরও বলেন,

“মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। যদি সত্যিই আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে আমি প্রশাসনকে ‘মীর সীমান্ত’ ও ‘মীর দিগন্ত’ নাম রাখতে বলতাম। কিন্তু ইউনিয়নের নামের আগে তো ‘মীর’ নেই।”

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরও বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button