বগুড়ায় শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে কলেজ কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় অভিযুক্ত কলেজ কর্মচারী সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. হাসর (১৭), মো. সম্রাট সরকার (১৮), মো. তৌহিদুর রহমান তামিম (১৭), মো. মইনুর ইসলাম (১৭), মো. অমিত হাসান (১৭) এবং মো. সাব্বির হোসেন (১৭)-এর সঙ্গে পরিচয়ের সূত্রে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন।
অভিযোগে বলা হয়, বোর্ড পরীক্ষার ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন।
গত ১ জুলাই পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে গেলে জানতে পারেন, তাদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু হয়নি। তখন তারা বুঝতে পারেন, অভিযুক্ত তাদের কাছ থেকে টাকা নিলেও ফরম পূরণ করেননি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে রোববার (৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অভিযুক্তের বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া সাব্বির হোসেন শাওন শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মৃত আবদুল মান্নান শেখের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম পূরণের কথা বলে তাদের কাছ থেকে মোট ২৭ হাজার টাকা নেওয়া এবং পরে সেই অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। পরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।