
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনিগ্রাম এলাকায় একটি রাইসমিল থেকে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ আলী সরকার ফেনিগ্রাম পূর্বপাড়ার মৃত কছির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে খাবার খেয়ে তিনি নিজ মালিকানাধীন রাইসমিলে ঘুমাতে যান।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী ডাবইর গ্রামের আতোয়ার নামে এক ব্যক্তি মরিচ ভাঙাতে মিলে এসে মোহাম্মদ আলীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মিলের পেছনের দরজা খোলা দেখতে পান। মিলের ভেতরের একটি কক্ষে চৌকির ওপর মোহাম্মদ আলী সরকারের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মাথার পেছনে ও মুখে রক্তসহ আঘাতের চিহ্ন ছিল। এ সময় মিলের ট্রান্সফরমারও ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।