
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি দল সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের বাসিন্দা রায়হান আলী (৩৭)কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরোনো স্মার্টফোন, একটি সিম কার্ড এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।