
বগুড়া প্রতিনিধি: দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে গুরুতর আহত কিংবা নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে সরকারের গঠিত বাছাই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া ব্যুরো প্রধান মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সভাপতি করে ৯ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান তথ্য কর্মকর্তা (তথ্য অধিদপ্তর), প্রেস-২ শাখার যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রবি, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), দৈনিক বাংলাদেশের খবরের সাবেক সিটি এডিটর কাউছার হোসেন খোন্দকার এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও তথ্য), যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী কমিটি আবেদনসমূহ যাচাই-বাছাই করবে। পাশাপাশি অনুদানের সুপারিশের যৌক্তিকতা মূল্যায়ন এবং সাব-কমিটির গাইডলাইন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করবে। এ সংক্রান্ত আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।