বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় কৃষকের ৭০০ কলাগাছ কেটে নষ্টের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাব্বত আলী (৫০) নামে এক কৃষকের প্রায় ৩ বিঘা জমির ৭০০টি অপরিপক্ব কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।

রোববার (২ আগস্ট) অভিযোগটি দায়ের করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভুক্তভোগী কৃষকের বর্গাকৃত ৮৯ শতাংশ জমিতে থাকা প্রায় ৭০০টি অপরিপক্ব কলাগাছ কেটে জমিতেই ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুরো ক্ষেতজুড়ে কাটা কলার কাঁদি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

ভুক্তভোগী কৃষক মোহাব্বত আলী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মৃত মোজাম আলীর ছেলে বুলু মিয়াসহ ৭-৮ জন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে তার কলাগাছ কেটে ব্যাপক ক্ষতি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বুলু মিয়া ও খাজা মিয়া। তাদের দাবি, তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং নিজেরাই কলাগাছ কেটে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, কৃষকের ৭০০টি কলাগাছ কেটে দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button