বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি শাকিল আহমেদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শেরপুর থানার তদন্ত পরিদর্শক জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিকালে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জামিল শেখ দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ এ সময় ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। কিল, ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার রাতেই নিহতের বাবা রফিকুল ইসলাম শেরপুর থানায় শাকিল আহমেদসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
শেরপুর থানার তদন্ত পরিদর্শক জয়নুল আবেদীন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।