বগুড়া জেলা
প্রধান খবর

বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর বগুড়া কারাগারে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ও দল থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বগুড়া সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ঢাকা মিরপুর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভোর প্রায় ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তানভীরকে বগুড়ায় এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মোঃ মেহেদী হাসান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।

সদর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বিকেলে বাদী বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টটি দেখতে পান। পরে বিষয়টি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনার পর এনসিপি প্রথমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চলমান তদন্তের প্রেক্ষাপটে তাকে সাময়িকভাবে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় দল জানায়, জেলা প্রশাসক নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্ত চলাকালে তাকে দলীয় পরিচয় ব্যবহার ও সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। পরবর্তীতে তিনি পুনরায় দলে সক্রিয় হন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে গাজী সালাউদ্দিন তানভীরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button