
বগুড়া প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম আহমেদ, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা সশরীরে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।