
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া। এর মধ্যে দুইজনকে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে এবং অপরজনকে নীলফামারীর সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার মো. ছাইদুল ইসলাম পাপ্পু (৫৪), চক ফরিদ (খুলুপাড়া) এলাকার মো. মিঠু (৫৫) এবং শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার মো. হাবিবুর রহমান (৩৫)।
র্যাব জানায়, ছাইদুল ইসলাম পাপ্পু ও মো. মিঠু ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর থানার কলোনী এলাকায় অভিযান চালিয়ে ছাইদুল ইসলাম পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। একই রাতে প্রায় ৯টা ৪০ মিনিটে কলোনীর চট্টগ্রাম নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. মিঠুকে গ্রেপ্তার করে র্যাব।
অপরদিকে, শেরপুর ও শিবালয় থানায় দায়ের করা পৃথক মাদক মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন মো. হাবিবুর রহমান। অর্থদণ্ড অনাদায়ে তাঁর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।
র্যাব জানায়, হাবিবুর রহমান গ্রেপ্তার এড়াতে নীলফামারীর সৈয়দপুর থানার ধলাগাছ এলাকায় অবস্থান করছিলেন। ৯ আগস্ট রাত ১২টা ২৫ মিনিটের দিকে র্যাব-১২ সিপিএসসি বগুড়া ও র্যাব-১৩ সিপিসি-৩ নীলফামারীর যৌথ দল ধলাগাছ এমএস রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর ও শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।



