বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জিপিএ-৫-এ সবার শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্য ধরে রেখেছে বগুড়া শহরের স্বনামধন্য পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার শীর্ষ এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে তিনটিই শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে এবার জেলার সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৪ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির হারে এটিই জেলার সেরা প্রতিষ্ঠান।

পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে বগুড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল বিয়াম মডেল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন, যা ৭৮ দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে, শতভাগ পাসের খুব কাছাকাছি গিয়েও অল্পের জন্য সেই অর্জন থেকে বঞ্চিত হয়েছে বগুড়া জিলা স্কুল। প্রতিষ্ঠানটির ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করেছে। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন, যা ৭৮ দশমিক ১২ শতাংশ।

শহরের অন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুলও শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন, যা ৭৭ দশমিক ৩১ শতাংশ।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও প্রায় শতভাগ সাফল্য এসেছে। প্রতিষ্ঠানটির ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন, যা ৭৭ দশমিক ৩৩ শতাংশ।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, ‘শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাহস দিয়েছি। তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে। তাদের ফলাফলে আমি খুশি। আমি আশা করব তারা আগামীতে আরও ভালো করবে।’

বগুড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ফলাফল উজ্জ্বল হলেও সামগ্রিকভাবে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে। গত বছরের তুলনায় এবার বোর্ডে পাসের হার ও জিপিএ-৫-দুটিই উল্লেখযোগ্যভাবে কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ২১৪ জন।

বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, সার্বিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-উভয় সূচকেই ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button