বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ার শেরপুরে বৈকালী কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনের অভিযোগে বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বগুড়া জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের অভিযানে কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একাধিক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়।

জানাগেছে, কারখানায় ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি করা হচ্ছিল। খাদ্য তৈরিতে ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণ রাখা ও ব্যবহার করতে দেখা যায়। এছাড়া কেক ও বিস্কুট সংরক্ষণের স্থানে অসংখ্য তেলাপোকার বিচরণ লক্ষ্য করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি উৎপাদিত পণ্যের মোড়কে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কারখানায় পাওয়া ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং ৫ ট্রে কেক জব্দ করে উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানার সব অনিয়ম ও অপরাধ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button