
রিপন দাস, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতাধীন প্রায় ৫০ হাজার গ্রাহক। দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের নিয়ে দুর্ভোগে পড়ছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, সুভাষ সরকারসহ স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে। আদমদীঘি সদর, সান্তাহার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে বারবার লোডশেডিং হচ্ছে।
এতে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
গ্রাহকদের অভিযোগ, ঘন ঘন লোডশেডিংয়ের প্রকৃত কারণ নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারিগরি বা ব্যবস্থাপনাগত সমস্যা রয়েছে—তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় গ্রাহকরা বলেন, বর্তমান প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের। তাই লোডশেডিংয়ের কারণ চিহ্নিত করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী বলেন, “বিদ্যুতের ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তবে এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।”



