
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২।
এ সময় মাদক কারবারে ব্যবহৃত চারটি বাটন মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ৩ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় জনৈক সাইফুল প্রামাণিকের বসতবাড়ির সামনে থেকে মোঃ মিলন প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালাই কর্নিপাড়া এলাকার মৃত মনছুর প্রামাণিকের ছেলে।
র্যাব জানায়, মিলনের কাছ থেকে ৩৭ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত তিনটি পুরোনো বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
একই রাতে বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। সেখানে মোছাঃ আশামনি বেগম (২০) ও মোঃ উজ্জল প্রামাণিক (২৪) নামে দুজনকে আটক করা হয়।
আশামনি বেগম হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকার বাবলুর স্ত্রী ও মোঃ রাসেলের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অপরদিকে উজ্জল প্রামাণিক শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরোনো বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানায়, গ্রেফতার মিলনের বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাহালু থানায় এবং আশামনি বেগম ও উজ্জল প্রামাণিককে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


