
বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ জানায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
র্যাবের দাবি, অটোরিকশাটি চেকপোস্টের কাছে পৌঁছালে সেটি থামিয়ে রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতিমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


