
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় যাত্রীবাহী বাসের এক হেলপারের স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো: জিম বাবু (২২) নামে এক বাসের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
কর্মকর্তারা জানান, কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে ইয়াবা বহন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শক মো: সামসুল আলম ও তার একটি দল বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নেয়।
গাড়ীটি সেখানের পৌছালে কোচের ইঞ্জিন কভারের ওপর বসে থাকা হেলপার মো: জিম বাবুর স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অধিদপ্তর জানায়, একটি স্কুলব্যাগের ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত ১৩টি পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার ৬০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। ডিজিটাল কিচেন স্কেলে পরিমাপ করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিমকার্ডসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়া এলাকার মো: শামীম মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



