
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুস সালাম সরকার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি একাধিক মাদক মামলার অভিযুক্ত ও তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুস সালাম সরকারের নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে নিজকক্ষ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সালাম সরকার পূর্ব গুয়াডহরী গ্রামের মৃত মোজা সরকারের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গাঁজার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে, উদ্ধার করা গাঁজার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্ট অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



