আন্তর্জাতিক খবর
প্রধান খবর

‘গণহত্যার লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে জেনোসাইডের দায়ে দায়ী করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় ঘোষণা করেন।

ছবি: সংগৃহীত

আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিচারক ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে এসব কর্মকাণ্ড চালিয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭ সালের ওই অভিযান ঘিরে তৈরি পরিস্থিতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক সামরিক অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে সহিংসতা ও নির্যাতনের মুখে ঘরবাড়ি ছেড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এখনো তাঁরা কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন শরণার্থীশিবিরে অবস্থান করছেন।

রোহিঙ্গাদের ওপর চালানো এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সাত বছর ধরে বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button