
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের শরীরে। সব মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩০ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং তিনজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৩১ জনের। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ বিভাগে মারা গেছেন চারজন। সিলেটে ১৬০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে ২১১ জন, ময়মনসিংহে ৭৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি


