ক্রিকেটবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হতে পারে খেলোয়াড় নিলাম

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন বছর পর বগুড়ায় ফিরছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শিগগিরই শুরু হতে যাচ্ছে বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৬-২৭ মৌসুম। এবারের আসরে খেলোয়াড়দের নিলাম আয়োজনের সম্ভাবনা নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নিলাম হলে তা টিম মালিকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

লিগ আয়োজন সামনে রেখে সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড় উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু এবং সংস্থাটির সদস্য রাজু হোসেন পাইকাড়।

সভায় লিগ আয়োজন, খেলোয়াড় নিবন্ধন এবং এবারের আসরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রিমিয়ার ডিভিশনে খেলতে আগ্রহী বগুড়া জেলার ক্রিকেটারদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

এবারের লিগে খেলোয়াড় নিলামের সম্ভাবনা নিয়ে বগুড়া লাইভের কথা হয়েছে বগুড়া জেলা ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক এবং বর্তমান জেলার ক্রিকেটে নিয়মিত দুইজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে।

নিলামের বিষয়ে ক্রিকেটার হাদিয়া জামান শিশির বলেন, এতদিন পর বগুড়ায় স্থানীয় ক্রিকেট ফিরছে, এটাই আনন্দের। তবে নিলাম হলে খেলোয়াড়দের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করবে। এতে লিগটি শুরু থেকেই প্রাণবন্ত থাকবে।

আরেক সিনিয়র ক্রিকেটার মারুফ হাসান বলেন, প্রায় তিন বছর পর ক্রিকেট লিগ আয়োজনের উদ্যোগে তিনি অত্যন্ত আনন্দিত। তবে খেলোয়াড়দের পারফরম্যান্স ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার পরামর্শ দেন তিনি। প্রতিটি দলের বেস্ট ইলেভেনে প্রতিটি ক্যাটাগরি থেকে নির্দিষ্টসংখ্যক খেলোয়াড় রাখার নিয়ম করার কথাও বলেন, যাতে সব পর্যায়ের ক্রিকেটার মূল্যায়নের সুযোগ পান।

এ ছাড়া প্রতিটি দলে দুই থেকে তিনজন বহিরাগত খেলোয়াড় রাখার নিয়ম করার পরামর্শ দেন মারুফ হাসান। তাঁর মতে, এতে সারা দেশের ক্রিকেটারদের মধ্যে বগুড়া প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় ক্রিকেটাররাও বাইরের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উপকৃত হবেন।

খেলোয়াড়দের নিবন্ধন, দল গঠন এবং নিলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলে এবারের লিগের আয়োজন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। স্থানীয় ক্রিকেটকে আবারও প্রতিযোগিতামূলক পরিবেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন বগুড়ার ক্রিকেটসংশ্লিষ্টরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button