বগুড়ায় চাচাকে হত্যা: ২ ভাতিজার যাবজ্জীবন

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা দুই ভাই হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামের নূরুল ইসলামের দুই ছেলে জোবায়ের হোসেন ও তাজুল ইসলাম। জোবায়ের পলাতক ও তাজুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। সেইসাথে রায়ে ২০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়াও এই মামলায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম ও বগিলাগাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এমএ মোত্তালেব।
বিষয়গুলো নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট রেজাউল হক জানান, ২০০৮ সালের মে মাসের ৬ তারিখ সকাল ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামে পুকুরের জায়গা মাপাজোক করা নিয়ে জোবায়ের ও তাজুল তার চাচা শাজাহান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে শাজাহান আলী চিকিৎসাধীম অবস্থায় মারা যায়।
এসএ
