প্রধান খবরবগুড়া জেলা

১৪ বছরের সাজা নিয়ে ১০ বছর পলাতক ছিলেন বগুড়ার খালেক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল খালেক (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া খালেক বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাদের।

বগুড়ার র‌্যাব-১২ ও ঢাকা সাভারের র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে সহযোগীতা করে র‌্যাব সদর দফতর (ইন্ট উইং)।

র‌্যাব জানায়, ২০০৫ সালে শিবগঞ্জ উপজেলার এক নারীকে অপহরণ করেন আব্দুল খালেকসহ তিনজন। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০১৩ সালে সেই মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আব্দুল খালেকের ১৪ বছরের সাজা হয়। এরপরই থেকে পলাতক ছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়। এসময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। সবশেষে ঢাকা সাভার এলাকায় এক পোশাক কারখানায় চাকরি করতেন।

র‌্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খালেককে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button