বগুড়া শহরের ফুলবাড়ী থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়া কবরস্থানের পূর্ব পাশে এলাকায় রিতু মনি (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পরে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ।
রিতুর স্থানীয় অটোরিকশা চালক রুমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিতু ও তার স্বামী রুমান এই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকালে রিতুর সাথে তার স্বামীর ঝগড়া হয়। এরপর রুমান অটোরিকশা নিয়ে চলে যান। এ ঘটনার পরে দুপুরে রিতুকে নিজের দুই বছর বয়সী ছেলেকে পাশে অবস্থিত শ্বশুর বাড়িতে যেতে দেখেন প্রতিবেশীরা। শ্বশুরবাড়িতে সন্তানকে রেখে আবার ফিরে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়া রিতুকে ডাকতে আসলে দেখেন তার শয়ন ঘরের গেট খোলা। প্রতিবেশী ওই নারী ভিতরে প্রবেশ করলে রিতুর ঝুলন্ত লাশ দেখতে পান। তখন তিনি অন্য প্রতিবেশীদের ডাক দিলে তারা পুলিশকে খবর দেন। এ ছাড়াও রিতুর স্বামীকে জানানো হয়। খবর পেয়ে তিনিও বাসায় পৌছেন।
পুলিশ এসে রিতুর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া জানান, আমরা এসে দরজা খোলা অবস্থায় লাশটি উদ্ধার করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা ময়নাতদন্ত শেষে নিশ্চিত করতে পারবো৷



