বগুড়া জেলাবগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নারীদের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার গ্রাম পুলিশের সদস্যদের মাঝে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল ওয়াজেদ।

অনুষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১০২টি বাইসাইকেল, প্রতিবন্ধী নারীদের মাঝে ২৪টি হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম পুলিশের সদস্যদের মাঝে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা এসব সামগ্রী সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করার পাশাপাশি শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে জানান বক্তারা।

বিশেষ করে প্রত্যন্ত ও দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেলগুলো শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণে সহায়তা করবে। অন্যদিকে সেলাই মেশিন পেয়ে দরিদ্র নারীরা ঘরে বসে কাজের সুযোগ পাওয়ার মাধ্যমে আয় করতে পারবেন।

প্রতিবন্ধী নারীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণের উদ্যোগও তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়ক হবে বলে আয়োজকরা জানান।

বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল ওয়াজেদ জানান, উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দের আওতায় এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button