
বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে।
পুলিশ ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জানান, তার বাবা স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং পাশাপাশি ব্যবসা করতেন। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায় বলে তাদের অভিযোগ।
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।



