নির্বাচনবগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়া-৬: ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও ঋণ সংকটে, নতুন সরকারের কাছে স্থিতিশীল বাজার প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ আসনের ব্যবসায়ীরা তাদের চলমান সংকট ও প্রত্যাশা তুলে ধরেছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আগের মতো বিক্রি নেই, রড ও সিমেন্টের দাম বারবার ওঠা-নামার কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে।

একজন ব্যবসায়ী বলেন,

“আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তা নেই। রড-সিমেন্টের দাম বাড়ে আবার কমে- এই অনিশ্চয়তার কারণে ব্যবসা চালানো অনেক কঠিন।”

ব্যবসায়ীরা আরও জানান, ব্যাংক থেকে ঋণ বা মূলধন সংগ্রহে বৈষম্য রয়েছে। বড় ব্যবসায়ীদের জন্য সহজ হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তা প্রায় অসম্ভব।

“ছোট ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা হলো মূলধন। ব্যাংক ঋণ পাওয়াটা কারো কাছে সহজ, কারো কাছে আকাশ সমান কঠিন,” বলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

নতুন সরকারের প্রতি তাদের প্রধান দাবি- বাজার স্থিতিশীল রাখা এবং সিন্ডিকেটমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।
একজন ব্যবসায়ী নেতা জানান,

“এলাকায় ব্যবসার পরিবেশ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি, তবে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩০১ জন এবং নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৮৪১ জন।

বগুড়া-৬ এর ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরে আসবে এবং বাজার আরও স্থিতিশীল হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button