বগুড়ায় ৬ ডাকাত আটক করেছে র্যাব

বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে চারটি ছুরি, দুটি রশি ও মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে পলাশ (৩০), নারুলী মধ্যপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২৬), উত্তর চেলোপাড়ার বাবু বেপারীর ছেলে আরিফ (২৬), মৃত আলাউদ্দীনের ছেলে শুকুর আলী (২৪), রাখাল মিয়ার ছেলে আজিজ (২৩) ও নারুলী মধ্যপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে সম্রাট শেখ (২৫)।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বগুড়া র্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার বুজরুগবাড়িয়া গ্রামের বড়িয়া বটতলা চারমাথায় রংপুর-ঢাকা দ্বিতীয় বাইপাসে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে চারটি ছুরি, দুটি রশি ও মোবাইলসহ ওই ছয়জনকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ



