বগুড়ায় পৌরসভার কর্মচারী-পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

বগুড়ায় বেতন বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার কর্মচারী ও পরিচ্ছন্নকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যৌথ কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।
এ সময় বগুড়া পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা চত্বরে গিয়ে মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যৌথ কমিটির আহ্বায়ক মানিক মিয়া। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দিপক রাম হরিজন, সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান মতি, নেহাল হোসেন, আনোয়ার হোসেন ও হরিজন নেতা সুধির হরিজন, টুটুল হরিজন প্রমুখ।
বক্তারা সমাবেশে শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। পাশাপাশি শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদানের কথা বলেন।
এছাড়াও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নকর্মীদের মৃত্যুতে ওই শূন্য পদে পরিবারের সদস্যদের চাকরি দেয়ার দাবি জানান বক্তারা।



